আদালতেই গ্রামীণফোনের সুষ্ঠু সমাধান

৩ মার্চ, ২০২০ ১৭:২৬  
আদালতের মাধ্যমে গ্রামীণফোনের বকেয়া ইস্যুর সুষ্ঠু সমাধান হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অপরদিকে সবার জন্য ভালো আদালত এমন রায়ই দেবেন বলে প্রত্যাশা করেছেন নরওয়ের পররাষ্ট্র সচিব তোরে হাটরেম। মঙ্গলবার (৩ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও নরওয়ের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে তারা এমন আশাবাদ ব্যক্ত করেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নরওয়ের টেলিনর কোম্পানির শেয়ার রয়েছে গ্রামীণফোনে। তারা এরই মধ্যে ১০০০ কোটি টাকা জমা দিয়েছে। আশা করি, বাকি পাওনার বিষয়টির সমাধান হয়ে যাবে। অন্যদিকে  নরওয়ের পররাষ্ট্র সচিব তোরে হাটরেম বলেন, ‘বৈঠকে গ্রামীণফোন ইস্যুতে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সন্তোষজনক উপায়ে এই সমস্যার সমাধান চায় নরওয়ে। বিষয়টি এখন কোর্টে রয়েছে। এই বিষয়ে আমাদের কিছু উদ্বেগ রয়েছে, সেটা আমরা বৈঠকে জানিয়েছি। বিষয়টি এখন আদালতে বিচারাধীন। কিন্তু সবার জন্য ভালো হয় এমন সমাধান হলেই ভালো হবে।” বৈঠক সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রে মাছ ধরাসহ সমুদ্র অর্থনীতির বিভিন্ন এ বিষয়ে প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের জন্য নরওয়ের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।